
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চরকেওয়ারে প্রতিপক্ষের হাতে হত্যার শিকার দিনমজুর জাহেদ বেপারীর পরিবারকে আর্থিক সহায়তা পাঠিয়েছেন হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নিহতের স্ত্রী হাতে ১ লাখ টাকা পৌঁছে দেওয়া হয়। তবে কে বা কারা এ অর্থ পৌঁছে দিয়েছেন, তা জানা যায়নি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিহতের পরিবারও নিশ্চিত করেছে।
জানা গেছে, নিহত জাহেদ বেপারীর শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা মেয়েসহ পরিবারের সদস্যদের সহযোগিতার উদ্দেশ্যে এ অর্থ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের রুহুল আমিন শাহ মাজার এলাকায় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন স্থানীয় দিনমজুর জাহেদ বেপারী। এ ঘটনায় ফরিদ বেপারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত জাহেদ বেপারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার।