
মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ সময় সাংবাদিকরা জেলায় মাদকের বিস্তার রোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশি টহল জোরদারের দাবি জানান।
পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ কাজ করবে। পাশাপাশি সাইবার বুলিং, বাল্যবিবাহ, আত্মহত্যা, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করলে জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ আকবর আলী, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।