মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীবাড়ীতে প্রস্তুতিমূলক সভা ও ভিজিএফের চাল বিতরণ টঙ্গীবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫টি চায়না চাই জব্দ টঙ্গীবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন টঙ্গীবাড়ীতে নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, চাল ও আর্থিক সহায়তা প্রদান বালিগাঁও বাজারে নিরাপদ সড়ক চাইয়ের সচেতনতামূলক রোড ক্যাম্পেইন মুন্সীগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন মুন্সীগঞ্জে হত্যা মামলার আসামি এনায়েতের ২ দিনের রিমান্ড

সিরাজদিখানে মিশুকচালকের মৃত্যুর রহস্য উদঘাটন, ডাম্প ট্রাকচালক আটক

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়কের পাশে পড়ে থাকা এক মিশুকচালকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ওই চালককে হাসপাতালে নেওয়ার পরিবর্তে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় ডাম্প ট্রাকের চালক। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ জুলাই বিকেল ৩টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রকল্পের সামনে পাকা রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের একটি পা ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল।

পরে মরদেহের পরিচয় শনাক্ত করে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তি নুরুল ইসলাম (৬৫)। তিনি সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং পেশায় মিশুকচালক ছিলেন।

তদন্তে পুলিশ জানতে পারে, ১১ জুলাই দুপুর দেড়টার দিকে কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া আন্ডারপাস এলাকায় নুরুল ইসলামের চালানো মিশুকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ডাম্প ট্রাকের চালক হাসপাতালে নেওয়ার কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে লতব্দী এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় বলে স্থানীয়দের মাধ্যমে তথ্য পায় পুলিশ।

ঘটনার পর পুলিশ নুরুল ইসলামের ব্যবহৃত মিশুকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় সংরক্ষণ করে। এরপর সিরাজদিখান থানার এসআই রুবেল শিকদার, এসআই রাকিবুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি তদন্ত দল স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্ত ডাম্প ট্রাক চালক ইয়াসিন শেখ (২০)-কে সোমবার (১৩ জুলাই) ভোর ৬টা ৪৫ মিনিটে কুচিয়ামোড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুর্ঘটনায় ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৪৩১৪ নম্বরের ডাম্প ট্রাকটি লতব্দী ইউনিয়নের ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে থেকে উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় সড়ক পরিবহন আইন এবং দণ্ডবিধির ২০১ ধারাসহ প্রাসঙ্গিক আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews