
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মালয়েশিয়ায় স্ট্রোকে মারা যাওয়া মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বাসিন্দা কাঞ্চন দেওয়ান (৩৫)-এর মরদেহ দেশে এনে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার (২০ জুলাই) রাত ১১টার দিকে তাঁর মরদেহ দেশে এনে টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের নিজ বাড়িতে পৌঁছানো হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় যশলং জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নুরাইতলী সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিহত কাঞ্চন দেওয়ান উপজেলার যশলং ইউনিয়নের দেওয়ান বাড়ির বাসিন্দা। তিনি জুলহাস দেওয়ানের ছেলে। জীবিকার তাগিদে প্রায় ১৭ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। মাঝখানে দেশে ফিরে আসার পর সর্বশেষ এক বছর আগে আবারও মালয়েশিয়ায় কর্মস্থলে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আবির দেওয়ান (৮) টুনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ছোট মেয়ে কাসফিয়া (১)।
নিহতের ছোট ভাই কাজল দেওয়ান বলেন, “আমার ভাই দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের জন্য পরিশ্রম করেছেন। কিন্তু দুই নাবালক সন্তানকে রেখে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।”
নিহতের চাচা মাসুদ শেখ বলেন, “কাঞ্চন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। পরিবারের সুখের জন্য দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।