
ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে গজারিয়া থানাধীন চরবাউশিয়া এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে একটি অটোরিকশায় দুই ব্যক্তিকে চলাচল করতে দেখে পুলিশ। তাদের একজনের কাছে পুলিশের ওয়াকিটকির মতো একটি যন্ত্র এবং অপরজনের কাছে হ্যান্ডকাফ দেখতে পায় পুলিশ। সন্দেহ হলে তাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা অটোরিকশাটি নিয়ে গলির ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। পরে বড়কান্দি এলাকার জেনিসিস কিন্ডারগার্টেন স্কুলের সামনে পুলিশ তাদের গতিরোধ করে।
আটক দুজন নিজেদের মোঃ শামীম সৌরভ (৩২) ও মোঃ শাকিব @ শাকিল (২৪) নামে পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের পুলিশ সদস্য দাবি করলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি প্রদর্শন করে অটোরিকশাচালকদের ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অটোরিকশা চুরির কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, চক্রটি চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশা দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেনের তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ সদর সার্কেল মোঃ ইমরান আহম্মেদ পিপিএম-সেবার তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একটি দল পরবর্তী অভিযান শুরু করে।
আটক শামীম ও শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা ক্রয়ের অভিযোগে মোঃ হাবিবুর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে দুটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পরে হাবিবুরকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন হাসাইল এলাকায় অভিযান চালিয়ে মোঃ কাশেম ঢালী (৫০) নামে আরও একজনকে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শামীম সৌরভ (৩২), বরগুনার আমতলী থানার মুন্সীরহাট এলাকার রফিকের ছেলে মোঃ শাকিব @ শাকিল (২৪), নারায়ণগঞ্জের বন্দর থানার বারপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ হাবিবুর (৪০) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার হাসাইল এলাকার মৃত হায়দার ঢালীর ছেলে মোঃ কাশেম ঢালী (৫০)।
পুলিশ জানিয়েছে, অভিযানে মোট তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা, একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।