
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কমর উদ্দিন শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতায় শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকা থেকে কমর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা সরঞ্জামগুলো দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।