
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা নাসিমা আক্তার ও সাংগঠনিক সম্পাদিকা রাশিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. জামাল, মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, বেতকা ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মানুষের অধিকার ও নারী সমাজের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। আগামী দিনে দেশ ও মানুষের কল্যাণে মহিলা দলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।