
আলী আক্কাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে সংরক্ষিত মহিলা এমপি মমতাজ আলো নিজ হাতে দিঘীরপাড় বাজার ও নিজ এলাকার বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতার বার্তা দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) দিঘীরপাড় বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। তাদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন মমতাজ আলো।
কর্মসূচিতে মমতাজ আলো বলেন, একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও নিরাপদ জীবনযাপনের অন্যতম শর্ত। বাড়ির আঙিনা, বাজার, রাস্তার পাশ কিংবা আশপাশের কোনো স্থানে ময়লা-আবর্জনা জমিয়ে রাখা উচিত নয়। বিশেষ করে বর্ষা ও বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, শুধু একটি নির্দিষ্ট দিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না। নিয়মিতভাবে নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে কোনো স্থানে যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও সবাইকে নজর দিতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরাও স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখলে মশার প্রজননস্থল কমানো সম্ভব।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক মনোয়ার বেপারী এবং টঙ্গীবাড়ী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিখন খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় পর্যায়ে আয়োজিত এ পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে একদিকে দিঘীরপাড় বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।