
টঙ্গিবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম খান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মান্নান, টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা এবং টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় সমিতির সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।